এখনও নামেনি আঁধার | বব ডিলান


এখনও নামেনি আঁধার
বব ডিলান


অনুবাদ: সুপর্ণা মণ্ডল

ছায়া ঘনিয়েছে, আমি এখানেই সারাদিন
গরমে আসে না ঘুম, সময় ক্রমশ হয় ক্ষীণ
আত্মা আমার যেন ইস্পাত হয়ে অনুভবে
রৌদ্রে শুকায়নি যে ক্ষতগুলো, রয়েছে নীরবে
কোথাও যাওয়ার মতো অভাব বড়ই জায়গার
এখনও নামেনি, তবু তাড়াতাড়ি নামবে আঁধার

মানবতার অনুভূতি নর্দমায় হয়েছে বিলীন
সুন্দর কোনকিছু নয় পুরো বেদনাবিহীন
লিখেছিল চিঠি এক মনোরম মেয়েটি আমাকে
মনের সকল কথা উজাড় সে করেছিল তাতে
কারণ পাইনি তাকে কোনভাবে পাত্তা দেওয়ার
এখনও নামেনি, তবু তাড়াতাড়ি নামবে আঁধার

লণ্ডনে গেছিলাম, ছিলাম প্রফুল্ল প‍্যারিসে
নদীর সঙ্গে গেছি, সাগরের জলে গেছি মিশে
মিথ‍্যা ছলনাময় জগতের গেছি তলদেশে
কারোর চোখেই আর কিচ্ছু খুঁজি না অবশেষে
কখনও অসহ্য লাগে এ বোঝার দুর্বহ ভার
এখনও নামেনি, তবু তাড়াতাড়ি নামবে আঁধার

নিজের অমতে আমি জন্মেছি, মরব এখানে
মনে হয় চলছি, কিন্তু স্হবির সবখানে
শরীরের সব স্নায়ু এত শূন‍্যগর্ভ ও অসাড়
মনেই পড়ে না যেন কী থেকে মুক্ত হতে এসেছি আবার
প্রার্থনার বিন্দুমাত্র গুঞ্জন যায় না শোনা আর
এখনও নামেনি, তবু তাড়াতাড়ি নামবে আঁধার

উৎস কবিতা: Not Yet Dark(1997)

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাথরের পোকা | সুপর্ণা মণ্ডল

যখন হারিয়ে যাই | সুপর্ণা মণ্ডল

মায়া