মানুষ-মাছ যুদ্ধ | রঘুবীর সহায়
![]() |
| রঘুবীর সহায় |
মানুষ-মাছ যুদ্ধ
রঘুবীর সহায়
রঘুবীর সহায়
যে মাছগুলি মিষ্টি জলে থাকে
আমরা তাদের সমুদ্রে ছেড়ে দিচ্ছি
কারণ মিষ্টি জলের মাছ বিক্রি হয়
কারণ আমরা সমুদ্র থেকে মাছ ধরি
কারণ আমাদের নৌকোগুলো বিরাট
নদীতে আঁটে না
আমরা মাছ ধরি কারণ আমরা ওদের
কৌটোয় বন্ধ করে বিক্রি করব
কৌটোবন্দি মাছ আমাদের প্রজাতন্ত্রের প্রতীক
তাজা মাছের পরিবর্তে সবার জন্য সহজলভ্য
আমরা বিজ্ঞানকে জিতে নিয়েছি
মাছকে কৌটোবন্দি করার জন্য
ওই মাছগুলিকে মিষ্টি জলে থাকতে না দেওয়ার উপায় উদ্ভাবন করা হচ্ছে
কিন্তু বিজ্ঞান আমাদের যে পরিসংখ্যান দেয়
তা বলে যে মাছেদের সমুদ্র থেকে ফিরে
মিষ্টি জলে যাওয়ার অদম্য ইচ্ছা থাকে।
আমরা মাছের প্রজাতি তাগড়াই করছি
যাতে তা স্বাদু হয় আর দামিও হয়
মাছ তাগড়াই হচ্ছে আর মিষ্টি জলে
ফেরার শক্তিতে তড়পে উঠছে
আমরা বিজ্ঞানের সাহায্যে এই সিদ্ধান্তে পৌঁছেছি
যে আমাদের মাছগুলি সমুদ্রে ফেলার পরে
এত তাড়াতাড়ি ওদের মেরে ফেলতে হবে
যেন ওরা নদীতে ফিরে আসার সময়ই না পায়
অনুবাদ: সুপর্ণা মণ্ডল

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন