রোদের ইতিকথা | রঘুবীর সহায়
রোদের ইতিকথা
রঘুবীর সহায়
অনুবাদ: সুপর্ণা মণ্ডল
এখানে এই পার্কে বসে কি করছ এই বয়সে তো তোমার কোন চেয়ারে বসে বসে কলম পেষার কথা।
একটা সই বা একটা দীর্ঘায়িত সমালোচনার তফাত কি দুজনে পরস্পর মিলে যায় শেষ অব্দি।
এই কবিতাটা সেই গতানুগতিক শৈলীতে কেন লিখতে শুরু করলে বহমান গদ্যের পঙক্তিতে: অতীতে কেউ নিশ্চয় এটা করে দেখেছে কিন্তু এরা নতুন কারণ আমি এদের প্রথমবার লিখছি: আর হয় কি করে পঙক্তির শুরুতে এসে গেল এটা আমি প্রথমবার নিশ্চিতভাবে জানতে পারছি এই পারছি তো শেষে এল(হয়ও ছিল) দেখো ব্যাপারটা এমন যে আমি নতুন করে জানছি নিজেকে আর সবাইকে কিন্তু এবার যেন মনে থাকে কোন ছন্দ চাই না ওরা সব পাখিদের ছন্দহীন কলতানকে নষ্ট করে ফেলবে আর এই সবুজ বল্কলযুক্ত বৃক্ষ এই এত খোলামেলা পরিবেশ তো আগেই চেনা ছিল এতটা আকাশ আর অবকাশ এখনও অবশিষ্ট আছে(আবার সেই ছন্দ!) এই পৃথিবীতে যেখানে শোষণের ইতিহাসে স্থির হয়ে বসার পরিবর্তে এক জায়গায় সোজা হেঁটে চলেছি এখন উঠে পড়েও চলব শুধু অতীতে নয় যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই চলে গিয়েছিলাম ভবিষ্যতেও যাবো এখান থেকে ওখানে যতদূর শরণ থাক কিন্তু যা করছি তা পলায়ন নয় খোলা রোদ্দুরে থাকা এটা আমাকে লিখে কেন বলতে হচ্ছে।
অনেক বছর আগে এটা ভাবতেও পারতাম না যে কেউ নিজের সময়ের প্রতি দায়িত্বশীল না হলে একদিন আমাকে তার কাছে জবাবদিহি দিতে হবে আমি শুধু আমার নিজের কাজ করি এটা আমার কাজ এটা যথেষ্ট এটাই কখনও বুঝতাম কিন্তু সেই কথা আর আজকের মধ্যে আমার সন্তানদের ধীরে ধীরে বড় হওয়ার মধ্যে কতটা আমার অনুভূতি কতটা আমার স্ত্রীর চিন্তাভাবনা কতটা আমাদের দুজনের ছোটবেলার গল্পগুলোর আড়াল একটা স্ফটিক পাথরের মতো দাঁড়িয়ে রয়েছে ওতে চড়ে আমি ওপারে চলে যাই পায়ের তলায় নিজের প্রতিফলিত ছায়া চিনতে থাকা এই শরীর দু-একটা বড় বড় রোগ থাকা সত্ত্বেও তখনকার থেকে অনেক বেশি তাগড়া আর আমার বাসনা আগের তুলনায় অনেক বেশি খাদের স্বর তৈরি করছিল আমার চিৎকার জলে নিমজ্জিত গুঞ্জন কাতর করে দেয় এমন নিরালায় কেঁদেছি বহুবার যৌবনের দিনে যা ছিল তাও এক মুহুর্তের জন্য আমার জানা যে এক বৃহৎ মূল্য দিতে হবে এক অন্ধকার গুহার মুখে সন্তানদের কাছ থেকে বিদায় নেওয়ার মত লাগে।
ধন্যবাদ ধন্যবাদ হরিৎ নির্জন। সেই মহিলা পিছন থেকে ওঠে আর যা গুছিয়ে রাখে তা সব খাবারের বাসন নয় একটা চাদর রোদে চোখ ঢাকার জন্য এনেছিল তাতে সন্তানদের ডাকে রোদ পড়ে গেছে এবার ঘরে ফিরতে হবে না তারা শুধু যেখানে রোদ আছে সেখানে চলে যায়। ধন্যবাদ ধন্যবাদ আমিও আর একটু বসতাম কিন্তু অধীর হয়ে গেছি। নমস্কার।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন